মালয়েশিয়ায় জুমাতুল বিদা পালনে মসজিদে প্রবাসীদের ঢল

ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার

মালয়েশিয়ার, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় বেশিরভাগ সময় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন হয়ে থাকলেও এবার বাংলাদেশের সাথে আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
রমজানের শেষ জুমায় প্রবাসী বাংলাদেশীদের ঢল
রমজানের শেষ জুমায় প্রবাসী বাংলাদেশীদের ঢল |নয়া দিগন্ত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র জুমাতুল বিদা পালনের মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় জানালেন মালয়েশিয়ায় বসবাসরত দেড় মিলিয়ন বাংলাদেশী প্রবাসী।

এ উপলক্ষে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারা, মসজিদ জামেক, মসজিদ ইন্ডিয়া, কোতারায়া বাংলা মসজিদ ও তিতিংসা বাংলা মসজিদে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়।

মালয়েশিয়ার, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় বেশিরভাগ সময় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন হয়ে থাকলেও এবার বাংলাদেশের সাথে আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে।

মালয়েশিয়ার আগামা ইসলাম বা ধর্ম মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে কুয়ালালামপুর ও পুত্রজায়ার সকল মসজিদের খতিবদের নির্দেশ দিয়েছে শনিবার সকাল সাড়ে ৮টায় একযোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে অল্প সময়ের জন্য পেনাং-এর জামেক আস-শাকিরিন মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করলাম এবং আলহামদুলিল্লাহ, আমি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করি।’

তিনি আরো বলেন, ‘আল্লাহ আমাদের মঙ্গল করুন, ক্ষমা ও করুণায় পূর্ণ এই রমজান মাসের শেষেও আমরা যেন আশীর্বাদপ্রাপ্ত থাকি এবং আমাদের সকল কাজ যেন কবুল হয় এবং প্রতিটি ভুল যেন ক্ষমা করেন।’