এম সি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখা উদ্বোধন

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ মানুষ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং নতুন এই শাখা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা ওভেরভিলিয়েতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।

এম সি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম বিন হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, ডা: হাবিবা জেসমিন, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের কোষাধ্যক্ষ লুৎফর রহমান, আমী ভয়াজের স্বত্বাধিকারী ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের উপদেষ্টা তানজিম হায়দার, আরবি কমিউনিটি ব্যক্তিত্ব ইব্রাহীম, পাকিস্তানি কমিউনিটির বিশিষ্ট আইনজীবী কিয়ানী, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ফেরদাউস রাহমান, আওয়াল রাহমান ও ব্যবসায়ী হেলাল আজাদী প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও এম সি ইনস্টিটিউট ফ্রান্সের সদস্য আব্দুস সালাম মামুন, কবি ও চিত্রশিল্পী তোফায়েল আহমেদ জয়নুল, মাওলানা নাজির আহমদ, মাওলানা নজরুল ইসলাম, এম সি ইনস্টিটিউট ফ্রান্সের সদস্য ফরহাদ হোসেন, মাওলানা কাওছার আহমদ ও হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ মানুষ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং নতুন এই শাখা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরো বলেন, ব্যক্তি, সমাজ ও দেশকে উন্নত করতে হলে নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। আদর্শগত নৈতিক শিক্ষাই পারে সমাজ ও ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। তারা পুরুষের শিক্ষার পাশাপাশি নারীদের বেশি করে শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। মোনাজাত ও অতিথি আপ্যায়নের মধ্যদিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান শেষ করা হয়।

উল্লেখ্য, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের মাঝে নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা জাগ্রত রাখার মহৎ উদ্দেশ্য সামনে রেখে গত বছরের ১০ মার্চ ফ্রান্সে যাত্রা শুরু করেছিল এম সি ইনস্টিটিউট ফ্রান্স।