মালয়েশিয়ায় ২ বাংলাদেশীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
নিহত নজরুল ইসলাম ও কোহিনুর বেগম
নিহত নজরুল ইসলাম ও কোহিনুর বেগম |সংগৃহীত

মালয়েশিয়ায় ব্যবসায়িক দ্বন্দ্বে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী কোহিনুর বেগমকেও হত্যা করা হয়। পরে লাশ দু’টি পুড়িয়ে দেয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

নজরুল ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান। পরিবারের সদস্যদের অভিযোগ, সেখানে স্থানীয় ব্যবসায়িক অংশীদারের সাথে দ্বন্দ্বের জেরে এভাবে তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, ছয় বছর আগে মালয়েশিয়ায় গিয়ে একটি খামার গড়ে তোলেন নজরুল। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করতেন। এই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নজরুল। খামারের গরু-ছাগল বিক্রি করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের আগেই জানিয়েছিল, নজরুলের ব্যবসায়িক অংশীদারের সাথে সমস্যা চলছে। তবে কারা নজরুলকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।’

অপরদিকে, নিহত কোহিনুরের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সেনপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম।

জানা গেছে, মালয়েশিয়ায় থাকা অবস্থায় নজরুলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় কোহিনুর বেগমের। ধারণা করা হচ্ছে, পরিচয়ের সূত্র ধরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর নজরুলকে বিয়ে করার উদ্দেশ্যে কোহিনুর একাই মালয়েশিয়ায় চলে যান। প্রায় দেড় মাস আগে সেখানে গিয়ে নজরুল ইসলামকে বিয়ে করেন।

নিহত কোহিনুরের ভগ্নিপতি আলমগীর হোসেন বলেন, ‘বাংলাদেশে কোহিনুরের আগে বিয়ে হয়েছিল। আগের স্বামীর দিকের দুটি সন্তান রয়েছে। সে আমাদের কাউকে না জানিয়ে একাই মালয়েশিয়ায় গেছে। কবে কখন গেছে, আমরা কিছুই বলতে পারি না। পরিবারের লোকজনসহ আমরা প্রায় দেড় মাস তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। এখন শুনছি, সে মালয়েশিয়ায় গিয়ে খুন হয়েছে।’