যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারা টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানালেন ৪র্থ বারের মতো নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ৩২ জন কাউন্সিলর নিয়ে ‘অ্যাস্পায়ার’ পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় মনের গভীর থেকে আবেগঘন শব্দমালায় ব্যক্ত করলেন হৃদয়ের অভিব্যক্তি।
ধন্যবাদ জানালেন কমিউনিটিকে, যারা তার সমাজ বিপ্লবের কর্মসূচিতে আস্থা রেখেছেন। স্বনির্ভর টাওয়ার হ্যামলেটস গড়ার প্রয়াসকে গতিময় করেছেন। সাশ্রয়ী জীবনযাপন ও সামাজিক হোমবিল্ডিং প্রোগ্রাম চালিয়ে যেতে আরো চার বছরের জন্য মানুষ অ্যাস্পায়ার পার্টিকে ম্যান্ডেট প্রদান করেছেন।
মেয়র কৃতজ্ঞতা প্রকাশ করে সকল প্রকার বিভাজনের পথ পরিহার করে আশাবাদী চেতনার রাজনীতিকে বেছে নেয়ার অনুরোধ জানান।
বললেন, প্রতিদ্বন্দ্বীরা আমাদের থামানোর জন্য ক্রমবর্ধমান হতাশাজনক ও বিভাজনমূলক আক্রমণ করেছিল, যার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য AI দিয়ে তৈরি মিথ্যা ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছিল। কিন্ত সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হননি। মানুষ এসবে কর্ণপাত করেনি।
ব্রিটেনজুড়ে লেবার পার্টির শক্ত ঘাঁটিগুলো যখন চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের এই বিশাল জয় বিলেতের রাজনীতিতে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে।
যুক্তরাজ্যে বহুজাতিক সমাজের সহাবস্থানের সর্বাধিক উদাহরণ বহনকারী অন্যতম বৈচিত্র্যময় এই টাওয়ার হ্যামলেটসে বার বার নির্বাহী মেয়র নির্বাচিত হতে পেরে তিনি গর্বিত।
নিজের ও দলের বিশাল বিজয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মেয়র লুৎফুর রহমান তার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরো বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেন।
লেবার ও কনজারভেটিভ দলসহ গ্রেট ব্রিটেনের প্রধান দলগুলোর বিপরীতে বড় ব্যবধানে জয়ের ফলে তার দল অ্যাস্পায়ার পার্টি থেকে বারার মানুষের জন্য নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আরো জোরালোভাবে বাস্তবায়ন করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনকে সামনে রেখে প্রদত্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে লুতফুর রহমান বলেন, বারার সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা, বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দাদের জন্য বিনামূল্যে সেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান, সাশ্রয়ী মূল্যের হাজার হাজার সামাজিক আবাসন নির্মাণ, ইয়ুথ ক্লাব পরিচালনা এবং বিনামূল্যে সাঁতার কাটার সুযোগসহ অনেক জনহিতকর কাজ অধিকতর গুরুত্বের সাথে চালিয়ে যাবেন।
মেয়র লুৎফুর রহমান জনগণের পাশাপাশি কাউন্সিলের কর্মী, ভলান্টিয়ার ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, ‘তাদের অসাধ্য সাধনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।’ তিনি একটি সমতাভিত্তিক বারা গড়ার প্রতিশ্রুতি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।



