মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু, দেশে লাশ ফিরছে

কাজের ফাঁকে মোটরসাইকেল নিয়ে নিজে নিজেই প্রশিক্ষণ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে পাশে থাকা সমুদ্রের পানিতে পড়ে যান তিনি।

ওমর ফারুক, মালদ্বীপ
মৃত রাশেদুল হাসান
মৃত রাশেদুল হাসান |নয়া দিগন্ত

মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশী তরুণ রাশেদুল হাসানের (২০) লাশ আজ বাংলাদেশে ফিরছে। মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রাশেদুল হাসানের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে। তার বাবার নাম এনামুল হক।

হাইকমিশন জানায়, নিহত রাশেদুল হাসান কর্মসংস্থানের উদ্দেশে মালদ্বীপে পাড়ি জমিয়েছন মাত্র সাত মাস হয়। তিনি গুরাইধু আইল্যান্ডের একটি কফিশপে বৈধভাবে কর্মরত ছিলেন। গত ২৩ এপ্রিল দিবাগত রাতে কাজের ফাঁকে মোটরসাইকেল নিয়ে নিজে নিজেই প্রশিক্ষণ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে পাশে থাকা সমুদ্রের পানিতে পড়ে যান।

তাৎক্ষণিক এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুতই উদ্ধার করে ঐ দ্বীপের হেলথ সেন্টারে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইকমিশন আরো জানায়, এ ঘটনার পর থেকেই তারা সক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চালিয়ে যান। এবং নিহতের পরিবারের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে রাশেদুলের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।

একইসাথে এই প্রবাসী বাংলাদেশীর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এ দুর্ঘটনায় একটি মামলা করার পাশাপাশি তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। একইসাথে মালদ্বীপ প্রশাসনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাশেদুল হাসানের লাশ মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও নিশ্চিত করেন বাংলাদেশ হাইকমিশন।