দেশের কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য তিন দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৬ (ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল)’ আয়োজনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী ৯ জুন থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৪ জুন) মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রশিক্ষণ কোর্সটি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মোট তিনটি ব্যাচে অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে ৩৫ জন করে সর্বমোট ১০৫ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নেয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ব্যাচের প্রশিক্ষণ ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে আগামী ৯-১১ জুন এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৩-১৫ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া, তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১৬-১৮ জুন পর্যন্ত ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে।
কোর্সে অংশগ্রহণে আগ্রহী ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বি পি এড প্রশিক্ষণপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৮ জুন বিকেল ৫টার মধ্যে মাউশি নির্ধারিত গুগল লিংকের (https://docs.google.com/forms) মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে অবশ্যই সরকারি অথবা বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক হতে হবে। একইসাথে বি পি এড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এছাড়া, আবেদনকারীর নিয়োগ এবং এমপিওভুক্তির চাকরিকাল ন্যূনতম দুই বছর হতে হবে। বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে যেসব নারী প্রশিক্ষণার্থীর ছোট বাচ্চা রয়েছে, তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের সময় স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছাড়পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে। ব্যবহারিক ক্লাসের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এক জোড়া কেডস ও ট্রাউজার সাথে রাখতে হবে। এছাড়া, অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের টিএ/ডিএ স্ব-স্ব প্রতিষ্ঠান বহন করবে। বাসস



