নোবিপ্রবিতে নতুন ভিসি ড. গোলাম রব্বানীর যোগদান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সাজিদ খান, নোবিপ্রবি

Location :

Noakhali
নোবিপ্রবিতে নতুন ভিসি ড. গোলাম রব্বানীর যোগদান
নোবিপ্রবিতে নতুন ভিসি ড. গোলাম রব্বানীর যোগদান |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

বিকেল সাড়ে ৪টার নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে নোবিপ্রবি বিএনসিসির একটি চৌকস দল তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে।

এরপর নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি প্রশাসনিক ভবনে ভিসি কার্যালয়ে যান এবং সেখানে যোগদান পত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. গোলাম রব্বানী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থা থেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানকার শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সংস্কৃতিকে আরও বেগবান করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি ড. মুহাম্মদ ইসমাইল নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন কর্মস্থলে তার সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, গতকাল ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন ভিসির রদবদল করা হয়।

এরই ধারাবাহিকতায় সদ্য সাবেক ভিসি ড. মুহাম্মদ ইসমাইলের স্থলাভিষিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইএসডব্লিউআর) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

গতকাল নিয়োগ পাওয়ার পর আজই তিনি কর্মস্থলে যোগদান করলেন।