এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার

‘জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি।’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে; এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। একইসাথে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য অতীব জরুরি। একইসাথে পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’