রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে রুয়েট নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাসে রূপান্তর হয়েছে।
এরই অংশ হিসেবে নতুন ভর্তি হওয়া ২৫-২৬ ব্যাচের সকল আবেদনকারী ছাত্রীকে ওরিয়েন্টেশনের আগেই হলে আসন নিশ্চিত করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশনের আগের দিনই তাদের হাতে আনুষ্ঠানিকভাবে আসন বুঝিয়ে দেয়া হবে, যা নবীন শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হলেও তাদের মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেছেন। আবেদনকারী সকল শিক্ষার্থীকেই আবাসনের আওতায় আনা হচ্ছে।
ইতোমধ্যে রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ফিমেল হল-১-এ ৬০ জন ও ফিমেল হল-২-এ ১৫০ জন শিক্ষার্থীকে আবাসনের জন্য মনোনীত করা হয়েছে।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে-এর মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ, হলের আবেদনপত্র ও পছন্দের রুমমেটদের আবেদনপত্র একত্রে জমা দিতে হবে। এরপর লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ দেয়া হবে।
পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, ‘নতুন হলগুলোর কাজ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় ভিসি মহোদয়ের নির্দেশে আমরা প্রায় ৯ মাস আগেই হলগুলো শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করতে পেরেছি। নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আওতায় আনার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কে আবাসিক করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই রুয়েট প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যা বর্তমান প্রশাসনের সদিচ্ছা ও পরিকল্পিত উদ্যোগের প্রতিফলন।’
তিনি আরো বলেন, ‘ছাত্রীদের প্রাইভেসির বিষয় চিন্তা করে হলের অভ্যন্তরে জিমনেসিয়াম চালুর ব্যবস্থাসহ ইওর ক্যাম্পাসের মাধ্যমে ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন, অটো চা-কফি মেশিনের ফ্যাসিলিটি চালু করা হচ্ছে। ভবিষ্যতে সকল শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, আবাসন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ওরিয়েন্টেশনের আগের দিনই হলে আসন পাওয়ার এই উদ্যোগ নবীন ছাত্রীদের জন্য স্বস্তিদায়ক। সেইসাথে রুয়েটকে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছে।



