জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষে অর্ধেকের বেশি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে ১ হাজার ১০৯টি আসন পূরণ হয়নি। এর মধ্যে ছাত্রদের জন্য ৬০২টি ও ছাত্রীদের ৫০৭টি আসন ফাঁকা রয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত শূন্য আসনের তালিকা অনুযায়ী এ-ইউনিটে মোট ৪২৬ টি আসনের মধ্যে ছাত্র ১৯৯ ও ছাত্রী ১৪৮ জনসহ মোট ৩৪৭টি আসন শূন্য রয়েছে। বি-ইউনিটে মোট ৩২৬ টি আসনের মধ্যে ছাত্র ৯২ ও ছাত্রী ১০২ জনসহ মোট ১৯৪টি, সি-ইউনিটে ৪৬৬ টি আসনের মধ্যে ছাত্র ১৩৬ ও ছাত্রী ১১৭ জনসহ মোট ২৫৩টি, ডি-ইউনিটে ৩১০টি আসনের মধ্যে ছাত্র ৭৫ ও ছাত্রী ৫৪ জনসহ মোট ১২৯টি এবং ই-ইউনিটে ২০০ টি আসনের মধ্যে ছাত্র ৬৯ ও ছাত্রী ৫০ জনসহ মোট ১১৯টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া আইবিএ-ইউনিটে ৫০ টি আসনের মধ্যে ছাত্র ৮ ও ছাত্রী ১১ জনসহ মোট ১৯টি এবং সি-১ ইউনিটে ছাত্র ৮ ও ছাত্রী ১ জনসহ মোট ৯টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে । ২য় ধাপে ভর্তি শেষে যে আসন ফাঁকা থাকবে, সেগুলোর জন্য আগামী ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, একসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। এ কারণে প্রথম মেধাতালিকায় তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।


