বাংলাদেশের কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপ জেলা ভোলায় কৃষি উন্নয়নসহ বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় তিনি জেলার সার্কিট হাউজে ব্যবসায়ীদের সাথে এবং বিকেলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষি, সার ও জ্বালানি খাতে খুবই সম্ভবনাময় দেশ। এ জন্য ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে আলজেরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি শুক্রবার (১৫ মে) দুপুরে ভোলার চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় তিনি আরো বলেন, আজকের এই জেলা পরিদর্শন বাংলাদেশ এবং আলজেরিয়ার সম্পর্ক আরো গভীর করে তুলবে। দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এর আগেও বাংলাদেশের সঙ্কটকালীন সময়ে আলজেরিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশীদের জন্য মাত্র ১০ মিনিটে আলজেরিয়ার দূতাবাস ভিসা সরবরাহ করবে।
এর আগে, জেলা সফরে এলে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানিকে স্বাগত জানান জেলা প্রশাসক ডা: শামীম রহমান।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক ডা: শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে জেলার জ্বালানি, সার, কৃষি ও ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাক্ষাতে রাষ্ট্রদূতের কাছে জেলা প্রশাসক জেলার গ্যাসভিত্তিক শিল্প, কাঁচ ও সিরামিক শিল্প, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। এছাড়াও আলজেরিয়ার বিনিয়োগ আগ্রহ এবং ভোলায় যৌথ বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন ব্যবসায়িক নেতারা।
জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো: রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ, মো: সোহেল প্রমুখ।
এ সময় ভোলার ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে তিন দিনের সফর শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল হয়ে ভোলা ত্যাগ করেন। বাসস



