টাঙ্গাইলে ‘ক্লু-লেস’ রাব্বি হত্যার রহস্য উদ্ঘাটন

গ্রেফতার ৪, স্বীকারোক্তি ২ জনের

তিনজন দুষ্কৃতিকারী যাত্রীবেশে গোলাম রাব্বির (২২) অটোরিকশায় ওঠে। পরে ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকায় পৌঁছে তারা তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক
আসামি জুবায়ের হোসেন পারভেজ
আসামি জুবায়ের হোসেন পারভেজ |সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় চার বছর আগে সংঘটিত ‘ক্লু-লেস’ একটি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), টাঙ্গাইল জেলা। এ ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন পিবিআই সফর দফতরের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ।

জানা যায়, ২০২১ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৮টা ৪০ মিনিটে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন পাকুল্ল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনজন দুষ্কৃতিকারী যাত্রীবেশে গোলাম রাব্বির (২২) অটোরিকশায় ওঠে। পরে ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকায় পৌঁছে তারা তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে গলা কেটে নির্মমভাবে হত্যা করে এবং অটোবাইক ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে ভাতগ্রামের একটি ডোবার কাদা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেন নিহতের বাবা।

থানা পুলিশ দীর্ঘদিন তদন্ত করেও মামলার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে, ২০২২ সালের ৬ জুন পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই, টাঙ্গাইল জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে ইন্সপেক্টর মো: রফিকুল ইসলাম মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে আসামি ইব্রাহিম হোসেন টুটুল (৩০) ও রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাদের দেয়া তথ্য ও জবানবন্দির ভিত্তিতে পিবিআই সোমবার (১৩ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন তামাই এলাকা থেকে আসামি জুবায়ের হোসেন পারভেজকে গ্রেফতার করে।

পিবিআইয়ের তদন্ত ও আসামিদের জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে এবং ঘটনাস্থলে লাশ ফেলে অটো ছিনতাই করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামি জুবায়ের হোসেন পারভেজকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।