রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চার দিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই অফিসের ক্লিনার পদে চাকরি করতো।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান।
তিনি জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে এডমিন ম্যানেজারের কাছ থেকে ফোন পাই। পরে আমরা রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যাই। পরে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বন্ধ জেনারেটর ঘরে উপুড় হওয়া অবস্থায় বিজয় নামে ওই যুবকের লাশ উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন এবং পাশে একটি ইট পাওয়া যায়। সে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনার পদে চাকরি করতো।’
তিনি আরো জানান, ‘গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে সে নিখোঁজ হয়। সে কড়াইল বস্তিতে থাকতো। পরে তার পরিবার বনানী থানা একটি সাধারণ ডায়েরি করে। কিন্তু এই বিষয়ে আমাদের থানা পুলিশকে কিছুই জানানো হয়নি। ওই অফিসের পিয়ন রাজু এ্যাডমিন ম্যানেজারকে ফোন দিয়ে জানায় আমরা দুজনেই জেনারেটরের রুমে ঢুকেছিলাম আমি বের হয়ে এসেছি সে বের হয়ে এসেছে কিনা সেটা বলতে পারি না। পিয়ন রাজু পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ। ধারণা করা হচ্ছে ওই অফিসের পিয়ন রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজুকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।’



