শিশু পার্কে সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

ভোরে অটোরিকশায় যাওয়ার সময় তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয় এবং পরে চিকিৎসা শেষে দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
শিশু পার্কে সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত
শিশু পার্কে সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত |প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে শিশু পার্কের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্বামী ও স্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন মো: জামাল উদ্দিন (৫৯) ও তার স্ত্রী সামছুন্নাহার বেগম (৫৩)।

তাদের ছেলে সামিউল আরাফাত বলেন, ভোরের দিকে আমার মা-বাবা অটোরিকশা করে সোহরাওয়ার্দী উদ্যানের গেট শিশু পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ তিন-চারজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। আমার মা ও বাবাকে ডান হাতে ধারাল অস্ত্র দিয়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুজনকেই চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে স্বামী ও স্ত্রী ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেকে এসেছে। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তাদের দুজনেরই ডান হাতে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।