রাজধানীর পল্লবীতে ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ডিএমপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি টিম গ্রেফতার রিমান্ডের আসামি মো: শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গত শনিবার রাত ৯টা ৪০টার দিকে গ্রেফতার বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিনজনের নামে পল্লবী থানায় মামলা রুজু করা হয় এবং মো: শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো: শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।
গ্রেফতারকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।



