রাজধানীতে লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

‘লালবাগ এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ এসেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা খুব গুরুতর। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো: রাফি (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে শহীদ নগরের ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আহত রাফি লালবাগের শহীদ নগর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার বাবার নাম মো: তাইজুদ্দিন।

স্বজনরা জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফি জানান, রাতের দিকে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য ইমন, শাহবুদ্দিন, মিন্টু ও রেজাউলসহ আট থেকে নয়জন হঠাৎ তার পেছন দিক থেকে এসে ‘শাহীন’ নামের এক ব্যক্তির খোঁজ জানতে চায়। তিনি শাহীন নামে কাউকে চেনেন না বলে জানালে তাদের মধ্যে থাকা ইমন পিস্তল দিয়ে তার বুক ও পিঠের মাঝামাঝি স্থানে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লালবাগ এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ এসেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়। চিকিৎসক জানিয়েছে তার অবস্থা খুব গুরুতর। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করেছি।