কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলা আসামির আত্মহত্যা

‘সুজনকে খাবার না দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন এমন একটি খবর ছড়িয়েছে, যা সত্য নয়। কারণ সেই সুযোগ এখানে নেই।’

নিজস্ব প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগার
ঢাকা কেন্দ্রীয় কারাগার |ফাইল ছবি

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের ২ তলায় ১৯ নম্বরে সাইদুর রহমান সুজন নামে এক বন্দী আত্মহত্যা করেছেন। তিনি সাভার থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

সুজনের আত্মহতার বিষয়টি রোববার (১৫ জুন) নিশ্চিত করেছেন কারা অধিদফতরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

তিনি জানান, সুজন একজন হত্যা মামলার আসামি ছিলেন। গত ২৯ জানুয়ারি তাকে সাভারের একটি হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। এরপর তাকে গত ২৫ এপ্রিল থেকে ডিটেনশনে রাখা হয়েছিল। সুজনের সাথে আরো একজনকে রাখা হতো। সুজন আজ সকাল ১১টার দিকে তার রুমে আত্মহত্যার চেষ্টা চালান। পরে বিষয়টি বুঝতে পেরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘সুজনকে খাবার না দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন এমন একটি খবর ছড়িয়েছে, যা সত্য নয়। কারণ সেই সুযোগ এখানে নেই।’