রাজধানীর শাহজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে সিকান্দার মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙ্গারি গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিকান্দার কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর এলাকার আব্দুর রবের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী বলেন, ‘আমার ভাই ব্যাটারি চালিত অটোরিকশার মালিক। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙ্গারি গলি এলাকায় যাওয়া মাত্র মোহাম্মদ হান্নান, মামুনসহ তিন থেকে চারজন তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমি জানতে পেরেছি মোহাম্মদ হান্নান ও মামুনের সাথে পূর্ব শত্রুতার জের ছিল। কি বিষয় নিয়ে আমার ভাইকে হত্যা করেছে তা আমি বলতে পারব না।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।’



