কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা সিরাজুল সালেকিনের ছেলে। পরিবারসহ তিনি কলাবাগানের কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার সি-২৭২ নম্বর বাসায় বসবাস করতেন।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্ত (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই রাফি জারিয়ান শুদ্ধকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শুদ্ধ জিমে ব্যবহৃত একটি ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথার পেছনে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই সুমন আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছোট ভাই শুদ্ধকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা সিরাজুল সালেকিনের ছেলে। পরিবারসহ তিনি কলাবাগানের কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার সি-২৭২ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সুপান্ত চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।