ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মো: নাঈম হাওলাদার (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নাঈম হাওলাদার নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিঃ) মো: হারুনার রশিদ ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় জিরোপয়েন্ট এলাকার মহাসড়কের পাশে বুরজুক আলী খানের ইজিবাইক গ্যারেজের সামনে থেকে নাঈম হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক (নিঃ) মো: হারুনার রশিদ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৌহিদুজ্জামান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদককারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।’



