কুমিল্লায় বিএনপি নেতা আটক হয়ে ১২ ঘণ্টা পর মুক্তি

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘কিছু অভিযোগের বিষয়ে তাকে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়নি।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
রেজাউল কাইয়ুম
রেজাউল কাইয়ুম |নয়া দিগন্ত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে তিনি কোতোয়ালি মডেল থানা থেকে বের হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসায় যেতে দেয়া হয়।

এর আগে, একইদিন দুপুরে শাসনগাছা এলাকার বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে।

জানা গেছে, রেজাউল কাইয়ুমের আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা শাসনগাছা বাস টার্মিনাল থেকে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে তারা কোতোয়ালি মডেল থানার সামনে গিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন এবং কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর শাসনগাছা বাস টার্মিনালে চাঁদা আদায়ের অভিযোগে রেজাউল কাইয়ুম ও তার অনুসারীরা আলোচনায় আসেন। বাস টার্মিনালের পাশেই তার বাড়ি অবস্থিত।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘কিছু অভিযোগের বিষয়ে তাকে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়নি।’