চলন্ত বাসে ব্যবসায়ীকে জিম্মি করে ৮ লাখ টাকা লুট

শুক্রবার দুপুরে র‍্যাব-১৪ -এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরে চলন্ত বাসে এক ব্যবসায়ীকে জিম্মি করে নগদ আট লাখ টাকা ও মালামাল লুটের চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৪ -এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সক্রিয় সদস্য জাবেদ ইকবাল বাদল (৩২) ও মো: আব্দুল্লাহ আল মামুনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তারা দু’জনই ময়মনসিংহের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত বছরের ৫ ডিসেম্বর ভোরে মো: ফুল মিয়া (আলমগীর) নামের এক ব্যবসায়ী গাজীপুরের সালনা এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ওঠেন। তার সাথে ছিল ব্যবসায়িক কাজে বহনকৃত নগদ আট লাখ টাকা ও প্রায় ৫৬ হাজার টাকার মালামাল। বাসে আগে থেকেই যাত্রীবেশে অবস্থান নেয়া সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা চালক ও হেলপারের সহায়তায় বাসটির গতিপথ পরিবর্তন করে। পরে রাজেন্দ্রপুরের দিকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে তার হাত-পা বেঁধে ফেলে। এসময় তাকে মারধর করে সব টাকা ও মালামাল ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে পরদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

র‍্যাব আরো জানায়, এর আগে একই মামলার আরেক আসামি মো: মোখলেছ মিয়াকে চলতি বছরের ৬ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।