নীলফামারীর সৈয়দপুরে ২৫ বোতল এসকেইফ সিরাপ (কাশির ওষুধ) নামক মাদকসহ রকি (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুর ২টার দিকে শহরের হাতিখানা বানিয়াপাড়ার এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।
আটক রকি সৈয়দপুর শহরের নিউ মুন্সিপাড়া মহল্লার মরহুম মনির উদ্দিনের ছেলে।
খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সৈয়দপুর থানার এসআই ফরহাদ হোসেন বলেন, ‘এএসআই হুমায়ুন কবিরের সোর্স মারফত খবর পেয়ে বানিয়াপাড়া এলাকায় এসে দেখি লোকজন মাদক বিক্রেতা রকিকে আটক করে রেখেছে। এলাকাবাসীর দাবি রকি মোটরসাইকেলে করে দু’টি বস্তায় করে মাদকদ্রব্য নিয়ে এলাকায় ঢুকেছে। ধাওয়া করার সময় তিনি কৌশলে মাদকের বস্তা লুকিয়ে রাখেন।’
তিনি আরো বলেন, ‘পরে সকলের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে রকি মাদকের বিষয়টি স্বীকার করে। তার তথ্য অনুযায়ী পাশের জঙ্গল থেকে একটা বস্তায় নিষিদ্ধ কাশির ওষুধ এসকেইফ সিরাপ পাওয়া যায়। এ সময় রকি ও এলাকাবাসীর সামনেই প্লাস্টিকের বস্তায় রাখা ২৫ পিস সিরাপের বোতল জব্দ করা হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।’
কিন্তু আটক মাদক বিক্রেতা রকি বলেন, ‘জব্দকৃত মাদকগুলো আমার নয়। পুলিশ আমাকে মাদকসহ আটক করেনি। অথচ পরে মাদকগুলো এনে আমার বলে চালিয়ে দিচ্ছে। আমি মুদি দোকান ব্যবসায়ী। হাতিখানায় আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে কিছু যুবক অহেতুক আমাকে আটক করে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। আমাকে বলানো হয় ৩৭ পিস সিরাপ আছে। কিন্তু গুণে পাওয়া গেল ২৫ পিস।’
এর পরিপ্রেক্ষিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘রকি চিহ্নিত মাদক বিক্রেতা। জরুরি নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জনতার হাতে আটক অবস্থায় মাদক বিক্রেতা রকিকে পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী জব্দকৃত মাদকগুলো তার। যা সে সবার সামনে স্বীকার করার পর জঙ্গল থেকে উদ্ধার করা হয়। রকির বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হবে।’



