জুমার নামাজে ইমামতি শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল খতিবের

শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খতিব আমিরুল ইসলাম।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত খতিব হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী
নিহত খতিব হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন খতিব হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫)। পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিব আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় ছেলে। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খতিব আমিরুল ইসলাম। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় পৌঁছালে একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামে এক খতিব ঘটনাস্থলেই মারা গেছেন। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।