কুমিল্লায় আইনজীবীদের নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

১৫টি পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) ও সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার (বিএনপি) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নিরপেক্ষ ব্যানারে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও আইটি সম্পাদক শাহ আলম দু’টি পদে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের প্যানেল ছাড়াও বিএনপির একাংশ সমর্থিত ‘ইউসুফ আলী ও তৌফিক আহমেদ চৌধুরী আকাশ’ প্যানেল ও নিরপেক্ষ ব্যানারে আওয়ামী লীগ সমর্থিত ‘ফারুক ও জামান’ প্যানেল অংশ নেয়।

বিজয়ী প্যানেলের অন্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি) ও অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি)।

জানা গেছে, জয়ী প্যানেলের মধ্যে বিএনপি আটটি ও জামায়াত পাঁচটি পদে জয়লাভ করে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ২৮৭ জন। এর মধ্যে এক হাজার ২৫৩টি ভোট কাস্ট হয়। বৃহস্পতিবার রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

জামায়াতের অভিনন্দন :
কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ঐক্যবদ্ধ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটেরি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান।