টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালালো দুর্বৃত্তরা

দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তারা একটি নোহা মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
রিয়েল এস্টেট ব্যবসায়ী
রিয়েল এস্টেট ব্যবসায়ী |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে বিশিষ্ট ব্যবসায়ী ও মায়ের দোয়া রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে তার অফিসের সামনে এ ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে কয়েকজন যুবক কামরুজ্জামানের অফিসের সামনে থাকা দোকানপাটে গিয়ে তার অবস্থান সম্পর্কে খোঁজ নিতে থাকে। একপর্যায়ে তারা অফিসের নিরাপত্তারক্ষী নান্টুকে ডেকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে গিয়ে ‘কামরুল কোথায়’—এমন প্রশ্ন করে।

এ সময় নিরাপত্তারক্ষী নান্টু তাদের ভদ্রভাবে কথা বলতে বলেন এবং জানতে চান, ভদ্রতার সাথে কথা বলুন, ‘কামরুল কোথায়’—এভাবে বলছেন কেন? তার এই কথা বলার সাথে সাথেই দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তারা একটি নোহা মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ব্যবসায়ী কামরুজ্জামান জানান, ঘটনার মাত্র দুই মিনিট আগে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরে নিজের গার্ডেনে ঢোকার পরপরই গুলির শব্দ শুনতে পান। তার দাবি, তাকে হত্যার উদ্দেশেই সন্ত্রাসীরা অফিসের আশপাশে অবস্থান নিয়েছিল।

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা, একটি তাজা গুলি এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গুলির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হন।

এ বিষয়ে জিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।