মাদারীপুর পৌর শহরে একই রাতে তিনটি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এসব চুরির ঘটনা ঘটে। এ-সময় একটি মিনি ট্রাক ব্যবহার করে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থানে অন্তত তিনটি দোকানে চুরি করে চোরচক্র।
পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র একটি মিনি ট্রাক নিয়ে শহরের প্রধান সড়ক তরমুগরিয়া ও মন্টু ভুইয়া সড়কের একাধিক দোকানের শাটার ভেঙে ভেতরে থাকা মালামাল নিয়ে পালিয়ে যায়।
শহরের তরমুগরিয়া এলাকার শহীদ বাচ্চু সড়কের সাইফুল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি রড, সিমেন্টের দোকানে শাটার ভেঙে ভিতরে ঢুকে ঢালাই কাজে ব্যবহৃত পাঁচ ড্রাম কেমিক্যাল চুরি করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সালাউদ্দিন দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
একই সময় পাশের দোকান মেসার্স জাকির স্টিলে শাটার ভেঙে প্রায় তিন লাখ টাকার ওয়েল্ডিং রড ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। দোকানের মালিক স্বপন খান জানান, তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্টু ভুঁইয়া সড়কে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা ও পার্টসের দোকান থেকে প্রায় ২৫০টি ইজিবাইকের ব্যাটারি ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এ সময় চুরির ঘটনা টের পেয়ে এক নৈশপ্রহরী বাঁধা দিতে এলে চোরেরা তাকে মারধর করে এবং মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় দোকান মালিক মোহাম্মদ কিসলু দাবি করেন, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
শুক্রবার বিকেলে পুলিশ চুরি হওয়া তিনটি দোকান পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিটি চুরির ঘটনায় একই চক্র জড়িত। কারণ সবগুলো ঘটনায় একটি মিনি ট্রাক ব্যবহার করা হয়েছে।
এ সময় তারা বলেন, শহরের আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় এ ধরনের ঘটনা বেড়েছে। দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্ত ও গ্রেফতার এবং পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আমরা প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। ঘটনার সাথে জড়িত এই চক্রদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।



