সিলেটে দীর্ঘ হচ্ছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল। সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে নিয়ে সিলেট বিভাগের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
রোববার (৩ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ আহমেদ সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মাহতাবপুরের বাসিন্দা। শনিবার (২ মে) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত হয়নি। গত ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা দাঁড়ায় ১০৯ জন। এর মধ্যে হবিগঞ্জে সাতজন (রুবেলা আক্রান্ত দু’জন), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৫৬ জন ও সিলেট জেলার রোগী ৩০ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৩৭ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ২৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৯৯ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৮১ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, সিলেটের মা ও শিশু হাসপাতালে একজন, আল হারামাইন হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে দু’জন, পার্কভিউ হাসপাতালে দু’জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৩ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন শিশু ভর্তি রয়েছে।



