মধুখালী সংবাদদাতা
ফরিদপুরে মধুখালীতে প্রান্ত শেখ নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের কাছে ভুক্তভোগী কিশোরী তার ওপর নির্যাতনের বর্ণনা দেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। বর্তমানে ভুক্তভোগীকে মধুখালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ভুক্তভোগী কিশোরী জানান, মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়াচর গ্রামের মুজিবর শেখের ছেলে প্রান্ত শেখের সাথে টিকটকের মাধ্যমে গাজীপুরে ভুক্তভোগীর পরিচয় হয়, পরিচয় সূত্রে প্রেম-ভালোবাসা ধারাবাহিকতায় দেড় মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভুক্তভোগীর গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলায়।
তিনি জানান, শুক্রবার রাতে তাকে গাজীপুর থেকে প্রান্ত তার বাড়ির উদ্দেশে নিয়ে আসে। রাত ২টার সময় মধুখালী রেলগেটে বাস থেকে নেমে প্রান্তের গ্রামের বাড়ি কুরানিয়াচর মাঠের মধ্যে পাটক্ষেতে নিয়ে রাতভর তাকে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ কামড়িয়ে ছিঁড়ে ফেলে এবং চোখ তুলে ফেলার জন্য চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে সকালে ওই বাড়ির লোকজন গ্রাম পুলিশ ডেকে তাকে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা কমপ্লেক্সে পাঠিয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



