দিনাজপুরে বিক্ষোভ ও দাবির মুখে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১৫ মে তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়।
এর আগে, বেলা ১২টা থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড়ে মোটর পরিবহন শ্রমিকরা বর্তমান কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের মদদপুষ্ট স্বৈরাচারী কমিটি বাতিলের দাবি জানান। তাদের দাবির মুখে ইউনিয়নের নির্বাচন বিষয়ে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা শুরু হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো: আব্দুর কাইয়ূম।
এ সময় ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতার পরিচালনায় সভায় সাবেক সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বি, সহ-সাধারণ সম্পাদক মো: বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১৫ মে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
সভায় আহ্বায়ক কমিটির সব সদস্য, সাবেক কমিটির নেতাসহ বিভিন্ন স্ট্যান্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন।



