সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় খবর রাখুন : মন্ত্রী জাহিদ হোসেন

মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সাদাকাত আলী খান, দিনাজপুর
কথা বলছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেন
কথা বলছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেন |নয়া দিগন্ত

সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আপনার সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সে বিষয়ে খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।’

সোমবার (২৩ মার্চ) দিনাজপুর জেলার সংসদীয় ৬ আসনের চার উপজেলার বিএনপি নেতাকর্মী, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’

একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।’

এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সবার সাথে মতবিনিময় করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘দেশের সব সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়। ধৈর্য, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগে একে একে সব সমস্যার সমাধান করতে হবে। দেশের উন্নয়ন শুধু সরকারের ওপর নির্ভর করে না, দেশের উন্নয়নে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইনকে সম্মান করতে হবে এবং সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’