দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোস্তাসির রহমান মাহির (৬) নামে এক মাদরাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী যুবক মোস্তফা মোহনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যদর্গাপাড়া এলাকার একটি মাদরাসার পেছনের ঝোপঝাড় থেকে মাহিরের লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহির ওই এলাকার বাসিন্দা মোমিনুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে প্রতিবেশী নূর আলমের ছেলে মোস্তফা মোহন পাখি দেয়ার কথা বলে মাহিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় মাদরাসার পেছনের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মাহিরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধরের পর গলা টিপে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কাদা-মাটি ঢুকিয়ে দেয়া হয়েছিল বলেও দাবি করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘অভিযুক্ত মোস্তফা মোহনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। হত্যার পেছনে অন্য কোনো কারন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’



