লাটাহাম্বারের সাথে জড়িয়ে যায় ব্যাগ

দামুড়হুদায় মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্রীর মৃত্যু

নিহত আঞ্জুমান আরা দামুড়হুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর মাদরাসাপাড়ার আয়নাল হোসেনের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মোক্তারপুর ঈদগাহসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা দামুড়হুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর মাদরাসাপাড়ার আয়নাল হোসেনের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের খালাতো ভাই সোহাগ জানান, মোটরসাইকেলে করে আঞ্জুমান আরাকে নিয়ে তিনি নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ লাটাহাম্বারের সাথে আঞ্জুমান আরার কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় আঞ্জুমান আরাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে।