চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধের বিশেষ অভিযানে ২১২ লিটার ডিজেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ বড়বলদিয়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে টহলদল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করে। রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে থাকা একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক মো: ইসরাফিল হোসেন (৪৯) জানান, জব্দকৃত তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় পাচারের এই চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়।



