দিনাজপুর -৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বিএনপি সরকার গরিবের বন্ধু। গরিব মানুষের দুঃখ দুর্দশা লাঘবে বিএনপি সরকার সব সময় পাশে থাকবে।’
বৃহস্পতিবার (১৪ মে) দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩১৩টি পরিবারের মাঝে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম।
আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু সাদাত, আস্করপুর প্যানেল চেয়ারম্যান মো: মাজেদুর রহমান, জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: নুর আলম হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোয়ালমারি, দেবিপুর, মন্ডরপাড়া, তাজপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে সাধারণ মানুষের ঘরের টিন ছিদ্র হয় ও উঠতি বোরো ধান শাকসবজির ব্যাপক ক্ষতি হয়।
এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে জিআরের এই চাল বিতরণ করা হয়। ইউনিয়নের মোট ৩১৩টি পরিবারসহ আরো কয়েকটি পরিবারের মাঝে প্রতি পরিবারে ১৫ কেজি করে ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।



