নীলফামারীতে স্কুল মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে। ফলে অধিকাংশ সময় কাদাযুক্ত থাকে মাঠটি।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নিচু হওয়ায় অধিকাংশ সময় মাঠটি কাদাযুক্ত থাকে
নিচু হওয়ায় অধিকাংশ সময় মাঠটি কাদাযুক্ত থাকে |ছবি : নয়া দিগন্ত

নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে তারা মাঠ সংস্কারের দাবি জানায়। এ সময় শিক্ষকরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন বিদ্যালয়ের মাঠটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে। ফলে অধিকাংশ সময় কাদাযুক্ত থাকে মাঠটি।

তারা জানায়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী মাঠ জরুরি। কিন্তু কাদাযুক্ত মাঠে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হক বলেন, ‘মাঠটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলায় আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয়।’

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, আকলিমা বেগম, নবম শ্রেণির শিক্ষার্থী মুহিন ইসলাম, অষ্টম শ্রেণির ইসরাত জাহান ও সপ্তম শ্রেণির সৈকত ইসলামসহ আরো অনেকে।