সমালোচনার মুখে সিলেট নগর পুলিশের গণবিজ্ঞপ্তি বাতিল

এর আগে গত বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধ্যম সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে এসএমপি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী |নয়া দিগন্ত

সমালোচনার মুখে নিবন্ধনহীন অনলাইন গণমাধ্যম ৪৮ ঘন্টার মধ্যে বন্ধের সেই গণবিজ্ঞপ্তি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসএমপির এক স্মারকে এই গণবিজ্ঞপ্তি বাতিল করা হয়।

এতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক স্মারক নং সিটিএসবি/এসএমপি/২৫০১, তারিখ ২৯/০৪/২০২৬ খ্রি. মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধ্যম সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে এসএমপি।

কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘন্টার মধ্যে (০১ মে ২০২৬ সন্ধ্যা ৬ টা) রেজিস্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশী/বিদেশী ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথ্যায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে পাঠকদের উদ্দেশে লেখা হয়, এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার প্রশাসনিক বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকজন সিনিয়র সাংবাদিক ফেসবুকে এটা নিয়ে কড়া সমালোচনা করেন।

সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদান কিংবা অনিবন্ধিত অনলাইন বন্ধের এখতিয়ার তথ্য মন্ত্রণালয়ের। কোনো অনলাইন গণমাধ্যম বন্ধ করার এখতিয়ারও তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এমন বিজ্ঞপ্তি জারি করা পুলিশের এখতিয়ার বর্হিভূত|