রংপুর বিভাগে ভোটার উপস্থিতি প্রায় ৭০ শতাংশ

ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে বিভাগের আটটি জেলার ৩৩টি সংসদীয় আসনের সবগুলো ভোটকেন্দ্রে গণনা শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rangpur
নারী ভোটারদের লাইন
নারী ভোটারদের লাইন |বাসস

রংপুর বিভাগে অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আজকের (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ (জেএস) নির্বাচন ও গণভোট, ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে বিভাগের আটটি জেলার ৩৩টি সংসদীয় আসনের সবগুলো ভোটকেন্দ্রে গণনা শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এতে বিভাগজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রয়েছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দেওয়ার হোসেন বিকেল ৫টা ৪৫ মিনিটে বাসসকে জানান, রংপুর বিভাগের আটটি জেলার ৩৩টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

তিনি আরো বলেন, বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুসারে, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে ৬৫-৭৯ শতাংশ এবং রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ৫৯-৭১ শতাংশ ভোট পড়েছে।

তবে বিভিন্ন জেলা থেকে নির্বাচনী এলাকাভিত্তিক চূড়ান্ত ভোটদানের হার পাওয়া গেলে কিছুটা তারতম্য হতে পারে।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিভাগের ৩৩টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভোটার লাইনে দাঁড়িয়ে অনুকূল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিশেষ করে নতুন নিবন্ধিত তরুণ ভোটাররা আরো ভালো ও প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব নির্বাচন করতে জীবনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকারে বেশি আগ্রহ দেখিয়েছেন।

বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এখন পর্যন্ত বিভাগের কোনো আসন থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্রই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি এবং অন্যান্য সংস্থার সদস্যরা ভোটারদের ও সকলের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করছেন।

এবারই ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ রংপুর বিভাগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মতো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন দেওয়ার হোসেন।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে ২৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভাগের মোট ভোটার এক কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫৬ জন। আর ভোটকেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৫৪৬টি।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেশের অভূতপূর্ব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন এবং গণভোট পরিচালনায় আন্তরিক সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রংপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বাসসকে জানান, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। যার মধ্যে ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন নারী, ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন পুরুষ এবং ৩১ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন।

জেলার মোট ৮৭৩টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৯৮৮টি বুথে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, রংপুর বিভাগীয় কমিশনার মো: শহীদুল ইসলাম সকাল থেকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, নালন্দা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বিভিন্ন কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান এবং ভিজিল্যান্স ও পর্যবেক্ষণ দলের অন্যান্য সদস্যরা।

সূত্র : বাসস