ঈদের ছুটিতে ঘুরতে এসে সিলেটের জাফলং পর্যটন স্পটে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত পর্যটক ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ ১২ জনের একটি দল সিলেটে ঘুরতে আসে। সোমবার বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে সিলেটের জাফলং ঘুরতে যায়। পরে জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামে কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



