উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে হারুয়ালছড়িতে সমাবেশ

প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্তির পথে অন্তরায় সৃষ্টি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফটিকছড়ি।

Location :

Fatikchhari
উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে হারুয়ালছড়িতে সমাবেশ
উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে হারুয়ালছড়িতে সমাবেশ |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলায় হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্তির পথে অন্তরায় সৃষ্টি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফটিকছড়ি।

শনিবার (৪ এপ্রিল) রাতে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায় স্থানীয় সচেতন জনতা ও জনপ্রতিনিধিরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর দীর্ঘ ১৭ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। একইসাথে, উত্তর ফটিকছড়ি উপজেলা গঠনের প্রশাসনিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা পরিকল্পিতভাবে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বক্তারা বলেন, ফটিকছড়ি দেশের অন্যতম বৃহৎ উপজেলা হওয়ায় প্রশাসনিক কাজের সুবিধার্থে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ‘উত্তর ফটিকছড়ি’ নামে নতুন একটি উপজেলা গঠন করা। সরকার ইতোমধ্যে এর প্রশাসনিক কার্যক্রম শুরু করলেও একটি মহল উপজেলা সদর দফতর ভূজপুর থানা কেন্দ্রিক করার বিরোধিতা করে মূলত নতুন উপজেলা গঠনের প্রক্রিয়াকেই নস্যাৎ করতে চাইছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মীর মো: ফেরদৌস আলমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, ‘ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশে যারা উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক পুনর্গঠনে বাধা দিচ্ছে, জনগণ তাদের সঠিক জবাব দেবে।’

অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজিমুল করিম, প্রভাষক মোহাম্মদ হামিদুল্লাহ, ডা: আহমদ রহিম, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম এবং ইউনিয়ন পরিষদের বর্তমান ও প্রাক্তন সদস্যরা।

প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নতুন উপজেলা বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, নতুন উপজেলা গঠনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্দীপনা থাকলেও সীমানা ও সদর দফতর নির্ধারণ নিয়ে সৃষ্ট বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।