বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গফরগাঁও উপজেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে গফরগাঁও পৌর শহরে জামতলা মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
সকালে সাড়ে ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আলহাজ্ব আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম।
ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মো: মোজাম্মেল হক আকন্দের সভাপতিত্বে এবং গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম ও অর্থ সম্পাদক আরিফুল হকসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে কাজ করতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক আরো বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে মো: মোজাম্মেল হক আকন্দ বলেন, ‘সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে চাই একটি সুসংগঠিত জাতি, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী শিক্ষা শিবির পরিচালনা করে আসছে। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এ সময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।



