চাঁদপুর-৩

নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে থানায় সোপর্দ করেছেন। নির্বাচন-পরবর্তী হানাহানির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chandpur
চাঁদপুর জেলার ম্যাপ
চাঁদপুর জেলার ম্যাপ |নয়া দিগন্ত

নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় ব্যাপক হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ছাত্রদলের ওই পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেন তিনি।

তারা হলেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে হানাহানি, উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের শনাক্ত করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদেরও আটকের জন্য অভিযান চলছে।

সূত্র : ইউএনবি