দিনাজপুরে একটি বাসায় আগুনের ঘটনায় স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।
জানা গেছে, রাত ১২টার পর স্থানীয় লোকজন ওই বাসায় আগুন দেখতে পান। এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসার ভেতরে ঢুকে তপন ও তার স্ত্রী লতার লাশ দেখতে পান।
তাদের দুই সন্তান রয়েছে বলে জানান এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের কর্মী ওবায়দুল ইসলাম জানান, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর তারা ঘর থেকে বের হতে না পারায় তাদের মৃত্যুর হতে পারে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলেও জানান তিনি।



