বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেছেন, ‘বগুড়া-৬ আসনের আসন্ন উপনির্বাচন প্রশ্নবিদ্ধ করতে জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিলের নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। আমাদের হারার ইতিহাস নেই।’
রোববার (৫ এপ্রিল) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বাদশা বলেন, ‘আমাদের হারার ইতিহাস নেই। তারাই বারবার হারে। তাহলে কেন আমরা মাগুরা মার্কা নির্বাচন করতে যাব। বিগত নির্বাচনের চেয়ে এবার বেশি ভোট পাব। তাই আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। জামায়াতের কাউকে হুমকি-ধামকি দেয়া হয়নি। জামায়াতের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আলী আজগর হেনা, শহর সভাপতি হামদিুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজামান মনি, নাজমা আকতার প্রমুখ।



