সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা হচ্ছে আগামী ৩০ এপ্রিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দেন।
তিনি বলেন, শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে সিলেট থেকে এই কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তৃত করা হবে।
খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে দেশের প্রতিনিধিত্ব করা উচিত। তিনি বলেন, “খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন—তারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে।”
তিনি আরো বলেন, খেলাধুলায় পরাজয় মানে ব্যর্থতা নয়; বরং এটি সফলতারই একটি ধাপ। আলবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যে মানুষ কখনো পরাজিত হয়নি, সে কখনো কিছুই করেনি।”
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে খেলাধুলা শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, বরং একটি প্রতিষ্ঠিত পেশা। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রথমবারের মতো ক্রীড়াভাতা ও বেতন কাঠামো চালু করেছে।
তিনি বলেন, ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো জানান, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, কারাতে, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলায়ও সম্ভাবনা রয়েছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসব খেলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব।
তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই খেলাধুলায় উৎসাহিত করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা কারিকুলামেও পরিবর্তনের কাজ চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা ও দলগত চেতনা থাকলে খেলাধুলায় বিশ্বমানের সাফল্য অর্জন সম্ভব। তিনি খেলোয়াড়দের দেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।
এদিকে, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



