মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে ইউনিয়নের স্থানীয় উপকারভোগীদের মাঝে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফি, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন, ইউপি সদস্য নিজাম, আজাদ, জগলুর হক রিমু, আহাজ উদ্দিন, রিমা, মোছা. শিরিনা বেগম, মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে প্রশাসক তৌফিকুল ইসলাম খালেদ বলেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং তাদেরকে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। কেউ বিপথগামী হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো বলেন, চরপাকেরদহ ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবেন। এ সময় তিনি উপকারভোগীরা ১০ কেজি করে চাল পাচ্ছেন কিনা তা সরেজমিনে তদারকি করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরপাকেরদহ ইউনিয়নের মোট ৬ হাজার ৭২২টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



