ওলিকূল শিরোমণি হজরত শাহজালাল মুজার্রাদ ইয়ামনী (র.)-এর মাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৭০৭তম বার্ষিক ওরস।
শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত-অনুরাগী মাজারে ভিড় জমাতে শুরু করেন। সকাল থেকে গিলাফ নিয়ে ভক্তরা মাজারে প্রবেশ করেন।
মাজার প্রাঙ্গণে জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।
মাজার সূত্রে জানা গেছে, ওরস উপলক্ষে ভক্তদের দেয়া শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আখেরি মোনাজাত শেষে ভক্তদের মাঝে শিরনি বিতরণ করা হবে।
এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি গরু উপহার দেয়া হয়েছে।
মাজার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে মাজারের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও গিলাফ দেয়া হয়।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, ‘গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘ওরসে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরাও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।’
উল্লেখ্য, ১৩০০ খ্রিষ্টাব্দে ইয়ামেন থেকে সিলেটে আগমন ঘটে হজরত শাহজালালের। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি সিলেটে আস্তানা গড়েন। তার সফরসঙ্গী হয়ে উঠে ৩৬০ জন। যাদের অধিকাংশের মাজার সিলেট অঞ্চলে। এ অঞ্চলে শাহজালাল ও তার সঙ্গীদের মাধ্যমে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। তার ইন্তেকালের পর প্রতিবছর জিলকদ মাসের ১৮ ও ১৯ তারিখে ওরস অনুষ্ঠিত হয়।



