মুন্সীগঞ্জ প্রতিনিধি
সারাদেশের মতো মুন্সীগঞ্জেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনের ৫২৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে শীতের সকালের কারণে প্রথম দিকে উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে।
সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখানের হযরতপুরের গোপালপুর আহমদীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। একই সময়ে বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজি। এছাড়া শ্রীনগরের উত্তর কোলাপাড়া কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ চলবে বিকেল পর্যন্ত। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হবে।



