আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন সমাজের দাবি জানান।
শুক্রবার (১ মে) মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান।
এছাড়া মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। একটি জাতি তখনই উন্নতির পথে এগিয়ে যায়, যখন সে তার শ্রমিকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষ এখনও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত, যার ফলে জাতীয় সম্পদের বড় একটি অংশ সীমিত সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বিদেশে শ্রমিকদের উপযুক্ত মূল্যায়ন থাকায় প্রতিবছর দেশের বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তারা শ্রমিক অধ্যুষিত এ অঞ্চলে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্রে পরিণত হবে।



