রংপুর ব্যুরো
দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সংগ্রহ ও সরবরাহে হাইজিন (স্বাস্থ্যসম্মত ব্যবস্থা) বজায় রাখা গেলে প্রান্তিক অর্থনীতি আরো সমৃদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
সোমবার (১ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি নারী ও পুরুষ খামারিরা অংশ নেন। এ সময় খামারিরা দুধ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুগ্ধ উৎপাদনে নারীদের অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করছে। দুধের সংরক্ষণকাল কম হওয়ায় এর বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। দুধ থেকে দই, পনিরসহ বিভিন্ন পণ্য উৎপাদনের সুযোগ কাজে লাগানো গেলে এ খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি আরো বলেন, দুধ সংগ্রহ ও বাজারজাতকরণে হাইজিন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। এতে দুগ্ধ খাত আরো গতিশীল ও লাভজনক হবে।



